দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারের বিরোধীতা করার পরে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তথ্য প্রযুক্তি শিল্পকে উৎসাহ দিতে শুরু করে নব্বইয়ের দশকের গোড়ার দিকে – যখন দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদ শহর দুটোতে তথ্য প্রযুক্তি শিল্প অনেক দূর এগিয়ে গেছে৻ অনেক পরে শুরু করেও পৃথিবীর অনেক খ্যাতনামা তথ্য প্রযুক্তি কোম্পানীকেই তারা নিয়ে যেতে পেরেছে কলকাতায়, তৈরী হয়েছে প্রচুর কর্মসংস্থান, প্রবৃদ্ধিও যথেষ্ট আশাব্যঞ্জক৻ প্রায় দুদশক পরে কি পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি ক্ষেত্র দাক্ষিণাত্যের শহরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারছে? ওই রাজ্যে এই শিল্পের ভবিষ্যতই বা কী? খোঁজ নিয়েছেন কলকাতায় আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী৻
---
কলকাতা লাগোয়া বিধাননগর বা সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের নাম দেশ বিদেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সংস্থাগুলোর কাছে ক্রমেই পরিচিত নাম হয়ে উঠছে৻
একসময়ে যেটা ছিল একটা জলা জমি, সেখানেই এখন চরম ব্যস্ততা – সারা দিন, সারা রাত৻ প্রায় ৪৩০ একর জমি নিয়ে গড়ে ওঠা পূর্ব ভারতের সবথেকে বড় তথ্য প্রযুক্তি কেন্দ্রের আনুষ্ঠানিক নাম নবদিগন্ত৻
নবদিগন্ত আর তার আশেপাশে হাজির হয়েছে আই বি এম, কগনিজ্যান্ট, ক্যাপজেমিনী আর প্রাইসওয়াটারহাউসকুপার্সের মতো পৃথিবী বিখ্যাত সংস্থাগুলো৻ রয়েছে টি সি এস, ইনফোসিস বা উইপ্রোর মতো বড় ভারতীয় তথ্য প্রযুক্তি কম্পানিগুলোর দপ্তর৻
শুধু বড় বড় সংস্থা যে এখানে তাদের দপ্তর খুলেছে, তা নয়, কলকাতার তথ্যপ্রযুক্তি ক্ষেত্র যে সত্যিই উন্নতি করেছে, তার প্রমান প্রবৃদ্ধির হার দেখলেই বোঝা যাবে, দাবী করছিলেন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস৻
মি. দাসের কথায়, "আমরা শুরু করেছিলাম রাজ্য সরকারী সংস্থার একটা মাত্র ভবন দিয়ে… কিন্তু এখন আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান, দেখবেন ২০০৬ সালে তথ্য প্রযুক্তিতে কাজ করতেন ৩৫ হাজার মানুষ, এখন সেটা পৌঁছে গেছে এক লাখে৻ গত দু-তিন বছরে যখন এই শিল্পে প্রবৃদ্ধির জাতীয় গড় ছিল ১২ – ১৩ শতাংশ, তখন আমাদের প্রবৃদ্ধির গড় ২৫ শতাংশ৻ "
কেন কলকাতা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠছে? মন্ত্রীর দাবী ভাল পরিকাঠামো আর দক্ষ কর্মীদল৻ এই দাবী সমর্থনও করছে তথ্যপ্রযু্ক্তি সংস্থাগুলো৻
প্রাইসওয়াটারহাউসকুপার্সের ভারতের এক্সিকিউটিভ ডিরেক্টর অম্বরীশ দাশগুপ্তের কথায়, "কলকাতায় মেধার অভাব তো কখনই ছিল না৻ এখানকার নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে পাশ করা ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছেন – বিশেষ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে৻
"তাই এখানকার মেধাভিত্তিক এই শিল্প প্রথম থেকেই একটা শক্ত জমির ওপরে প্রতিষ্ঠিত৻ আর এখানে যে পরিকাঠামো রয়েছে, তা ব্যান্ডউইড্থ বলুন বা অন্যান্য সুযোগ সুবিধা – সেগুলো কোনও শহরের থেকেই খারাপ নয়৻"
পশ্চিমবঙ্গে অনেকগুলো বেসরকারী প্রযুক্তি কলেজ পরিচালনা করে, এরকম একটি সংস্থা – টেকনো ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী বলছিলেন যে কর্মসংস্থান বেড়েছে বিপুল পরিমানে৻ এটাও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যে উন্নতি হচ্ছে, তার প্রমান, ১৯৯৮ সালে ১২০০ থেকে ১৩০০ ইঞ্জিনিয়ার এখানে কাজের সুযোগ পেতেন, এখন সেই সংখ্যাটা পৌঁছেছে ৩০ হাজারে৻
অন্যদিকে এই বিপুল সংখ্যায় নতুন ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য এখানকার তথ্য প্রযুক্তি শিল্প উপযুক্ত হয়েছে কী না , তা নিয়ে সন্দেহও রয়েছে অনেকের৻
সফটওয়্যার প্রস্তুতকারক সংস্থা প্র্যাক্সিস গোষ্ঠীর প্রধান পার্থ চ্যাটার্জী বলছেন যে ঐ সংখ্যক নতুন ইঞ্জিনিয়ারকে পরিচালনা করার জন্য দরকার আরও প্রায় ৫ থেকে ৬ হাজার কিছুটা অভিজ্ঞতাসম্পন্ন ম্যানেজারের৻ সেটার যথেষ্ট অভাব রয়েছে৻
এই ম্যানেজারদের বাইরে থেকে আনতে হয়, আর তা বেশ খরচ সাপেক্ষ – যেটা ছোট বা মাঝারী মাপের সংস্থাগুলোর পক্ষে অসম্ভব৻
প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে অনেকে আপত্তি না তুলেলেও সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করছেন অনেকেই৻ তাঁরা বলছেন যে সরকার শুধুই বড় সংস্থাগুলোকে আকৃষ্ট করার চেষ্টা করছে, আর সফটওয়্যার রপ্তানীর ওপরে তাদের বেশী নজর৻ ছোট বা মাঝারী সংস্থাগুলোকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না৻
নেভায়া টেকনোলজির কর্ণধার প্রবীর দাশগুপ্ত বলছিলেন, দক্ষিণভারতের শহরগুলোতে প্রচুর ডিফেন্স, স্পেস রিসার্চ প্রভৃতির সরকারী সংস্থা রয়েছে৻ সেগুলোকে ঠিকভাবে চালানোর জন্য যেসব সফটওয়্যার অ্যাপ্লিকেশন দরকার হয়, সে সবই তৈরী করে ব্যাঙ্গালোর – হায়দ্রাবাদের ছোট – মাঝারী সংস্থাগুলো৻
কিন্তু আমাদের রাজ্যে সেধরনের কয়েকশো কোটি টাকা মূল্যের সরকারী – বেসরকারী সংস্থাও নেই আর তাই ছোট-মাঝারী সংস্থাগুলোরও বেড়ে ওঠার সুযোগ নেই
ছোট কম্পানীগুলোকে যে শুধু পশ্চিমবঙ্গে নয় – ভারতের কোনও জায়গাতেই সুবিধা দেওয়া হয় না, সেটা বলছিলেন একটা খুবই ছোট তথ্য প্রযুক্তি সংস্থার মালিক দেবকমল মৈত্র, কাগজে কলমে কিছু সুবিধা দেওয়ার কথা বলা আছে ঠিকই,কিন্তু সরকারী দপ্তরগুলো একটু বড় মাপের কাজের জন্য যখন দরপত্র আহ্বান করে, তখন সেগুলো এমনভাবে তৈরী করা হয়, যাতে বড় কম্পানীগুলো ছাড়া আর কেউ সুযোগ না পায়৻
শিল্পের সামগ্রিক প্রবৃদ্ধির জন্য যে বড় সংস্থার সঙ্গে ছোট – মাঝারী সংস্থাগুলোকেও বাড়তে দেওয়া দরকার, সেটা বুঝে চিন্তাভাবনাও শুরু করেছে তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বভারতীয় বণিকসভা ন্যাসকম৻
একই সঙ্গে পশ্চিমবঙ্গ ভাবছে নবদিগন্তের বাইরেও কীভাবে তথ্যপ্রযুক্তি শিল্পকে ছড়িয়ে দেওয়া যায়৻ চেষ্টা হচ্ছে বর্ধমান জেলার দূর্গাপুর আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে সমান্তরাল দুটো তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার৻ সেক্টর ৫ এর কাছাকাছি – নিউ টাউন আর বানতলাতেও দুটো তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠছে৻
তথ্য প্রযুক্তি সংস্থাগুলো বলছে, কলকাতার বাইরে এই শিল্পকে নিয়ে যেতে গেলে সড়ক যোগাযোগ থেকে আরম্ভ করে ব্যান্ডউইডথ – সব কিছুরই ব্যবস্থা করা প্রয়োজন৻ তবেই ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদের মতো শহরগুলোর অনেক পরে তথ্য প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় নামলেও তাদের সঙ্গে সমানে মোকাবিলা করতে পারবে পশ্চিমবঙ্গ৻